গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পাওয়ার হাউজ রোড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিপাড়া মোড়, টি.এ. রোড ও পৌর মুক্তমঞ্চসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা শিবির সভাপতি হাসান মাহমুদ, অফিস সম্পাদক মনির হোসেন ও যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম। বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিতাড়িত হয়েছে। অথচ বছর না যেতেই আবার সেই চক্র গোপালগঞ্জে অস্ত্র হাতে রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে যে হামলা হয়েছে, তা গণতন্ত্রের জন্য চরম হুমকি। তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ফ্যাসিবাদী আগ্রাসন রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
