সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৮ জুলাই) রাতে পরিচালিত এ অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা এবং একটি পরিত্যক্ত গোডাউনে থাকা সেনাবাহিনীর সহায়তায় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট, স্কিন সাইন, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেডসহ চোরাচালানি পণ্য আটক করা হয়। ৪৮ বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাশ্ববর্তী একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় জব্দ করে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী। সব মিলিয়ে অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
