বাগেরহাটের রামপাল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হেরোইন, বিপুল পরিমাণ নগদ টাকা ও মাদক ব্যবসার সরঞ্জামসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে রামপালের আদাঘাট গ্রামে এই অভিযান চালানো হয়।
৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির রামপাল আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে এবং গৌরম্ভা পুলিশ ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাতেনাতে ধরা পড়া তিন মাদক কারবারি হলেন—বায়েজিদ হাসান রাব্বি (২২), রবিউল ইসলাম রাজু (৩৪) ও মোরসালিন শেখ (২৩)। তারা সবাই গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রামের বাসিন্দা।
তাদের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন (যার বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ১০ হাজার টাকা), নগদ ১ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, হেরোইন মাপার ওয়েট মেশিন, একটি ইয়ামাহা মোটরসাইকেল, ১ হাজার টাকার জাল নোট, একটি ব্ল্যাঙ্ক চেক ও হেরোইন বিক্রির বিনিময়ে পাওয়া একজোড়া কানের দুল জব্দ করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। পরে তাদের রামপাল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
রামপালের গৌরম্ভা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাসানুর রহমান যৌথ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এখনো অনেক মাদক কারবারি আইনের বাইরে রয়েছে বলে জানান একটি দায়িত্বশীল সূত্র। তারা রামপালে নিয়মিত সেনাবাহিনী-ভিত্তিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
