বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহসী যোদ্ধা শহীদ রেদোয়ান হাসান সাগরের প্রথম শাহাদাতবার্ষিকীতে ময়মনসিংহ নগরীজুড়ে নেমে আসে শ্রদ্ধা আর ভালোবাসার আবেগঘন পরিবেশ। শহরের সিকে ঘোষ রোডে অবস্থিত শহীদ সাগর চত্ত্বরে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের নাগরিক ও সংগঠনের প্রতিনিধিরা।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। পরে জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজি আখতার উল আলম, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বক্তারা বলেন, "শহীদ সাগর শুধু একটি নাম নয়—সে বৈষম্যের বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রতীক হয়ে উঠেছে।" তাঁরা সাগরসহ গণঅভ্যুত্থান চলাকালে নিহত সকল শহীদের বিচারের দ্রুত নিষ্পত্তির জোর দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ সাগর চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্বলন, দোয়া মাহফিল এবং শ্রদ্ধা নিবেদন করে মহানগর বিএনপি ও ছাত্রদল।
বৈষম্যবিরোধী আন্দোলনে সাগরের আত্মত্যাগ এখন একটি আন্দোলনের চেতনাকে জীবন্ত করে রেখেছে—যা কেবল ময়মনসিংহ নয়, পুরো দেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
