সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে সব ষড়যন্ত্র মোকাবেলায়।”শনিবার (১৯ জুলাই) বিকেলে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মুহিবুর রহমান, পরিচালনা করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিক আহমদ।ফয়সল চৌধুরী আরও বলেন,তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশ ও জাতির মুক্তির সনদ। বিএনপির প্রতিটি নেতাকর্মী এই দফাগুলো জনগণের সামনে তুলে ধরবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিটি ঘরে ঘরে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দিতে হবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অপকর্ম ও ষড়যন্ত্র প্রতিরোধ করা সম্ভব। মানুষের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতেই বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এর আগে দুপুরে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন ফয়সল আহমদ চৌধুরী। তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।কর্মীসভা ও গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও কফিল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খোকন আহমদ, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল, উপজেলা যুবদল নেতা শাহজাহান আহমদ, ছাত্রদলের রিপন আহমদ, শরিফগঞ্জ ইউনিয়নের বিএনপি, কৃষক দল, জাসাস, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
