আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানি থেকে বাঁচার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনা মহানগর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শাহিন আহসান। রোববার (২০ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক নানা হয়রানির বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শাহিন আহসান অভিযোগ করেন, তাঁর বোন সাহানা পারভীন লিলিকে পরিকল্পিতভাবে হত্যা এবং পরে তাঁর পরিবারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। তিনি জানান, বোনের দীর্ঘদিনের ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসা করতে গিয়ে তাঁরা পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে যান। চিকিৎসার জন্য একাধিকবার ভারতসহ বিভিন্ন জায়গায় ছুটেছেন। ২০২৩ সালের ২৮ মে সাহানা পারভীন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই মৃত্যুকে কেন্দ্র করে তাঁর ভগ্নিপতি মো. সরোয়ার হোসেন এবং ভাগ্নে মো. ইমরান খান তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশের তদন্তে সাহানা পারভীনের মৃত্যু স্বাভাবিক ও অসুস্থতা-জনিত বলে প্রমাণিত হয়। তিনি অভিযোগ করেন, প্রাক্তন আদালত পেশকার মো. সরোয়ার হোসেন ও তাঁর পরিবার প্রভাব খাটিয়ে আদালত ও প্রশাসন ব্যবহার করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যে বারবার হয়রানি করছেন। হত্যামামলায় ব্যর্থ হয়ে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে দস্যুতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে নতুন মামলা দায়ের করা হয়, যা তাঁর ভাষায় সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।শাহিন আহসান বলেন, একদিকে আমরা আপনজন হারিয়েছি, সম্পদ হারিয়েছি, আর অন্যদিকে চলছে অবিরাম রাজনৈতিক হয়রানি। আদালতের আশ্রয়ে অসত্য মামলা দিয়ে আমাদের সামাজিক ও পারিবারিক জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি ন্যায়বিচার চাই, বাঁচতে চাই।
সংবাদ সম্মেলনে সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
