বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল। একইসঙ্গে তারা সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি এবং মিডফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সোমবার (২১ জুলাই) দুপুরে জামালপুর শহরের বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভে জেলা শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান।
বক্তারা অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
নেতৃবৃন্দ সরকারের এই ‘ষড়যন্ত্রমূলক আচরণ’ বন্ধের আহ্বান জানান এবং মিডফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
