তরনি পাড়ায় পাহাড়ি জুমঘরে স্থানীয়ভাবে তৈরি বন্দুকের গুলিতে ঢাকার এক তরুণ পর্যটক নিহত হয়েছেন। নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)। তিনি রাজধানীর ডেমরা এলাকার মো. আলামীনের ছেলে।
সোমবার (২১ জুলাই) সকালে দুর্গম পাহাড়ি এলাকার মাতামুহুরী রিজার্ভের তরনি পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ত্বহার সাথে থাকা তার চার বন্ধুকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ত্বহা তার চার বন্ধু—সাইফুল, মেরাজ, মীর মাহদী হাসান নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদম ভ্রমণে আসেন। তারা কোনো ধরনের পর্যটন তথ্য না দিয়ে সরাসরি মাতামুহুরী রিজার্ভের গভীর পাহাড়ি এলাকায় প্রবেশ করে এবং ৯নং ওয়ার্ডের তরনি পাড়ার একটি জুমঘরে অবস্থান নেন।
ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে তারা স্থানীয়ভাবে তৈরি একটি একনলা বন্দুক নিয়ে ছবি তুলছিলেন। এ সময় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগারে চাপ দিলে সেটি থেকে গুলি বেরিয়ে ত্বহার বুকে লাগে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ তরনি ঝিরি পার করে মাতামুহুরী চরে নিয়ে আসা হয়।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর মাধ্যমে পুলিশের কাছে খবর আসে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ ত্বহার মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে তার চার বন্ধুকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
