সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা একযোগে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৮ বিজিবির অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, আটককৃত মালামালগুলো আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
