পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৩১ নম্বর পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অভিভাবক আবদুস সালাম এবং এলাকাবাসী প্রতিনিধি আরিফ বিল্লাহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। এলজিইডির বাস্তবায়নে ২০২৩ সালে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার মো. গিয়াস উদ্দিনের প্রতিষ্ঠান। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
তবে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা জানান, প্রতিবাদ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুটি ছাদের কাজ সম্পন্ন করেছে। এখন বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, দেওয়ালে টোকা দিলেই ইট খসে পড়ে। এ ভবন শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে দাবি করেন তারা।
তারা অবিলম্বে নির্মাণাধীন ভবনটি ভেঙে নতুনভাবে মানসম্মত ভবন নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি’র গলাচিপা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সিডিউল অনুযায়ী ভবনের নির্মাণকাজ করা হচ্ছে। কোনো অনিয়ম হয়নি। প্রয়োজনে নির্মাণসামগ্রী পরীক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
