সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে নগরভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত থেকে বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, সিলেট নগরীতে প্রায় ১ লাখ হোল্ডিং ও ১০ লাখেরও বেশি মানুষ বসবাস করছে। প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপন্ন হয়, যা সঠিকভাবে অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ। এই কাজ সফল করতে সিটি কর্পোরেশন আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং বর্জ্য ব্যবস্থাপনায় নতুন একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের মতামত নেওয়া হচ্ছে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে।
সভায় সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সিসিক সচিব মো. আশিক নূর, বেসরকারি সংস্থা এসএনভি'র ক্লাস্টার কো-অর্ডিনেটর রহিমা বেগম সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনার তথ্য তুলে ধরেন।
অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সমাজসেবিকা শামা হক চৌধুরী, সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি। তারা সবাই বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা ও সচেতনতার গুরুত্বে জোর দেন।
সভায় বর্জ্য পুনর্ব্যবহার, কমানো ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো ও সিটি কর্পোরেশনের কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। সিটি কর্পোরেশন আশা করছে, এই ধরনের উদ্যোগে সিলেট নগরী আরও পরিচ্ছন্ন ও সবুজ হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
