পিরোজপুরের কাউখালী উপজেলার আলোচিত রোকেয়া বেগম হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার জোলাগাতি গ্রামের মো. আব্দুস সুবহান (৫০) ও রাহেলা বেগম (৪২)।
ঢাকার দারুস সালাম থানার শ্মশানঘাট এলাকা থেকে সোমবার (২১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের গ্রেফতার করে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাদের কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুরে কাউখালী থানা পুলিশ দুই আসামিকে পিরোজপুর আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মে ২০২৫ সকাল ৮টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোলাগাতি গ্রামে প্রতিপক্ষরা রোকেয়া বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩–৪ জনকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, “এই মামলায় এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
