চরমোনাইর পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তবে তার আগে দেশে গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,স্বাধীনতার ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণকে বারবার ধোঁকা দিয়েছে। দেশ এখন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুনের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের কবলে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি চায় জনগণ।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘ অনুপস্থিত। অথচ বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে চায়— এটা আমাদের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ। বাংলাদেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় আমরা চাই না।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার।
সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—
জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান
ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম
জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম
সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ
সমাবেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
