চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে নিজ বাড়িতে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম উপজেলার বালিহুদা গ্রামের মরহুম দিদার উদ্দিন মণ্ডলের ছেলে।
প্রতিবেশীদের বরাতে পুলিশ জানিয়েছে, মনিরুল এক মাস আগে বালিহুদা থেকে উঠে এসে মাধবপুর গ্রামে জমি কিনে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস শুরু করেন। শনিবার দুপুরে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুপুর ১টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না বলে দাবি করা হলেও, ঘটনার পর থেকে তিনি এবং নিহতের ছেলে রাজু (২৬) পলাতক রয়েছেন।
স্থানীয়রা ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে মনিরুলকে তার স্ত্রী ও ছেলে মিলে হত্যা করে থাকতে পারেন। হত্যাকাণ্ডের পর রাজু প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে ফোন করে জানতে চায়, তার বাবা কি মারা গেছেন এতে হত্যায় তার সম্পৃক্ততার সন্দেহ আরও ঘনীভূত হয়।
পুলিশ বলছে, হত্যার পেছনে পারিবারিক কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
