পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেনাবাহিনীর ‘মেজর’ ও ‘ডিজিএফআই সদস্য’ পরিচয়ে প্রতারণাকারী এক যুবককে আটক করেছে পুলিশ। সোহেল হাওলাদার (২৭) নামের ওই যুবকের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানার পুলিশ উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে সোহেলকে আটক করে।
আটক সোহেল পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। পুলিশ সূত্র জানায়, পাঁচ মাস আগে সোহেল নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে বিয়ে করেন। পরে একই পরিচয়ে বকশীর ঘটিচোরা গ্রামে আরেকটি বিয়েও করেন তিনি।
সোহেল সেনাবাহিনীর লোগো লাগানো মোটরসাইকেল ব্যবহার করতেন এবং নিজেকে কখনও মেজর, কখনও ডিজিএফআই সদস্য বলে দাবি করতেন। তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সোহেল ৫০ হাজার টাকা দাবি করেন। প্রাথমিকভাবে হাসি রানী তাকে ১৫ হাজার টাকা দিলেও পরবর্তীতে প্রতারিত হন। বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এছাড়া আরও ৬-৭ জন ভুক্তভোগীর কাছ থেকেও সোহেল লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্থানীয়দের বরাতে জানা গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “স্থানীয়দের সহায়তায় প্রতারক যুবককে আটক করা হয়েছে। সে সেনাবাহিনী বা ডিজিএফআই-এর কোনো সদস্য নয়, প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
