পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় আ. হাই খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুই যুবক। এই হামলায় তাঁর হাত ও পা ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে, পশ্চিম বালিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, ওই সময় রাস্তার পাশে বসে প্রকাশ্যে মাদক সেবন করছিল জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২)। ব্যবসায়ী আব্দুল হাই খান তাদেরকে মাদক সেবনে নিষেধ করলে দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সঙ্গে থাকা হাতুড়ি ও রড দিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করে। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের বাবা আশরাফ আলী বলেন,সকালবেলা ছেলেকে রাস্তায় মাদক সেবন করতে দেখে বাধা দিলে তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে আক্রমণ করে। আমার ছেলের হাত-পা ভেঙে গেছে। তারা এলাকায় মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন,এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এই ধরনের ঘটনা প্রমাণ করে মাদক সমস্যা কেবল ব্যক্তি নয়, পুরো সমাজের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
