পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মা, ছেলে, পুত্রবধূ ও এক কিশোরসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় ২৬ পুরিয়া (১৯৫ গ্রাম) গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সুবিদখালী কলেজ রোড এলাকার উত্তর সুবিদখালীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, চিহ্নিত মাদক কারবারি মোস্তফা মৃধার বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ি তল্লাশি করে গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এসময় আটক হন—
হেলেনা বেগম (৫০) – মোস্তফা মৃধার স্ত্রী
মো. সাগর মৃধা (৩৫) – মোস্তফা মৃধার ছেলে
তানিয়া আক্তার (২৫) – সাগরের সহোদর শাহীন মৃধার স্ত্রী
মো. ইসমাইল (১৫) – মাদক ক্রেতা, মাধবখালী ইউনিয়নের নিউ মার্কেট এলাকার বাসিন্দা
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত মোস্তফা মৃধা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “মাদক বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও নগদ অর্থসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
