চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়ীয়ায় চাষীদের কাছে অধিক দামে সার বিক্রির অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় দেখা যায়, টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ ও ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। একইসাথে দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও পাওয়া যায়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪০ ধারায় ভোক্তা-অধিকার অধিদপ্তর ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে। পাশাপাশি ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন সার, কীটনাশক ও বীজ বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।
তদারকি অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
