পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম শুভ (২৮) নামের এক ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। হামলায় তার দুই হাত ভেঙে গেছে। শুভ ইন্দুরকানি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভর বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা সীমানার ভেতর রেখেছিলেন। এ নিয়ে প্রতিবেশী মিলন শিয়ালী, তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেকের ওপর হামলা চালান। এ সময় তার ডাক-চিৎকারে শুভ এগিয়ে এলে সাগর ও শাকিল লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে দুই হাত ভেঙে দেয়।
পরে স্থানীয়রা আহত শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহত শুভ সাংবাদিকদের বলেন, আমার বাবা জমির মধ্যে আগাছা বাঁচতে ছিলেন। এ সময় কোনো কিছু না বলে মিলন শিয়ালী ও তার দুই ছেলে আমার বাবার ওপর হামলা করে। আমি এগিয়ে গেলে তারা লোহার রড দিয়ে আমার দুই হাত ভেঙে দেয়।
এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
