গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে বাসর রাতে নববধু গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী নববধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, গত বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের সঙ্গে সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশিফ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর বৃহস্পতিবার রাতে আশিফ নববধুকে নিয়ে নিজ বাড়িতে আসেন। ওই রাতে আশিফ মিয়া তার সাত বন্ধুকে নিয়ে নববধুকে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন শুক্রবার নববধুকে নিয়ে আসিফ ও তার বন্ধুরা গোবিন্দগঞ্জের ভাগদরি গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে নববধু তার বাবা-মাকে পুরো ঘটনার কথা জানান। পরে তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা আসিফসহ অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর সাঘাটা থানা পুলিশ, গোবিন্দগঞ্জ থানার সহযোগিতায় শনিবার ভোরে আসিফসহ সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো— আসিফ মিয়া, মাহিদ বাবু, মানিক (১), মিশন, মানিক (২) এবং আরও দুইজন। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি। সবার বাড়ি সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামে।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
