খুলনার খান জাহান আলী সেতুর নিচ থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিন এর সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্যও ছিলেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, রোববার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পুলিশ জানায়, সন্ধ্যায় স্থানীয়রা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে খবর দিলে লবণচরা ফাঁড়ির সদস্যরা গিয়ে নৌ পুলিশকে জানায়। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। এ ছাড়া র্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে সহকর্মীর মৃত্যুর খবরে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
