সংবাদ সম্মেলনে কলাপাড়ার চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা।
পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ মুহাম্মদ শাকুর।
তিনি জানান, গত ১৪ জুলাই রাত ২টা থেকে ৩টার মধ্যে কলাপাড়া থানার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে। ছয়-সাতজনের একটি ডাকাতদল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও একটি স্যামসাং Galaxy A13 মোবাইল ফোন লুট করে।
এ সময় তারা পরিবারের সদস্যদের বেঁধে বাড়ির মালিকের আমেরিকান নাগরিক স্ত্রীকে অন্য কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী তরিকুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন—কলাপাড়া উপজেলার মহিপুর থানার বাসিন্দা মো. কাওসার (২৪), কলাপাড়া পৌর শহরের বাসিন্দা আশিষ গাইন এবং বরগুনার বামনা থানার বাসিন্দা মো. শওকত আহমেদ রিপন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা শিক্ষারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে ডিবির ওসি মো. জসিম উদ্দিন, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
