ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনবল সংকটে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

স্বাস্থ্য | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই।

(৭ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১ থেকে দেড় হাজার রোগী চিকিৎসা নিতে এলেও চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। ফলে উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ঢাকা জেলার আয়তনে সবচেয়ে বড় উপজেলা ধামরাই। এখানে রয়েছে মাত্র একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। বাড়তি চাপ সামলাতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খেলেও শূন্যপদ পূরণ না হওয়ায় সংকট ক্রমেই বাড়ছে।

রোগীদের দুর্ভোগ

আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ— টিকিট কাটতে লাগে এক থেকে দুই ঘণ্টা, আবার ডাক্তারের দেখা পেতে লাইনে অপেক্ষা করতে হয় দেড় থেকে দুই ঘণ্টা। এতে অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে থেকে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অপেক্ষা করার স্থানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নেই। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অব্যবহৃত যন্ত্রাংশ ও কাঠের বাক্স। এতে রোগীরা আরও ভোগান্তির শিকার হচ্ছেন।

একজন নারী সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন,যেখানে এক রুমে আগে তিনজন ডাক্তার বসতেন, এখন আছেন মাত্র একজন। আবার অনেক সময় ডাক্তাররা নাস্তার জন্য দীর্ঘ সময় বাইরে থাকেন। একজন রোগীর চার-পাঁচ ঘণ্টা লাগলে সে বাড়ি যাবে কীভাবে, অফিসে যাবে কীভাবেহাসপাতালে ভর্তি রোগীরাও একই অভিযোগ করেন। তাদের মতে, ডাক্তাররা একবার এসে গেলে আর ফিরে আসেন না। প্রয়োজনে নার্সরাই একমাত্র ভরসা।

জনবল সংকট তীব্র

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক ছাড়াও নার্স, টেকনোলজিস্ট, ফিল্ড স্টাফসহ মোট ১৩৫টি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯৫ জন। বাকি ৪০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্যাথলজি বিভাগে পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের বাইরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।

কর্তৃপক্ষের বক্তব্য

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ বলেন,আমাদের এখানে পদায়িত ১০ জন চিকিৎসক ঢাকার বিভিন্ন হাসপাতালে সংযুক্ত আছেন। তারা যদি ধামরাইতে সেবা দিতেন, তাহলে রোগীরা আরও ভালো সেবা পেতেন। জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯