দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে উধাও হয়েছে ‘আইডিএফএন সংস্থা’ নামের একটি ভূয়া এনজিও। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতারিত ভুক্তভোগীরা ঋণ নিতে অফিসে গিয়ে তালা ঝুলতে দেখে হতবাক হন। পরে প্রতিকার পেতে একই দিন থানায় লিখিত অভিযোগ করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে উপজেলার সাতকুড়ি বাজারে একটি তিনকক্ষের বাড়ি মাসিক ৬ হাজার টাকায় মৌখিক চুক্তিতে ভাড়া নেন মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামে দুই ব্যক্তি। তারা সেখানে ‘আইডিএফএন সংস্থা’ নামের এনজিওর কার্যক্রম চালু করেন। কম সুদে (৫ শতাংশে) দুই বছরের ঋণের প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে সমিতি গঠন করে সদস্য সংগ্রহ করেন। প্রতিটি সমিতির সদস্যদের কাছ থেকে ১০–২০ হাজার টাকা সঞ্চয় হিসেবে নেন।
রোববার বিকেলে ঋণ বিতরণের কথা থাকলেও সকাল থেকে অফিস তালাবদ্ধ ছিল। ফোনে যোগাযোগের চেষ্টা করেও এনজিওকর্মীদের পাওয়া যায়নি। পরে ভুক্তভোগীরা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন।
উপজেলার আলিহাট গ্রামের আমিরুল ইসলাম বলেন, আমি ওই এনজিওর ‘জবা সমিতি’র সভাপতি। আমাদের সমিতিতে ২৬ জন সদস্য। প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে। পরে দেখি অফিস বন্ধ, তখন থানায় অভিযোগ দেই।
অফিসের বাড়িওয়ালা রিয়াজুল আলম জানান, ৩ সেপ্টেম্বর ভাড়া নিতে আসে ওই দুজন। মাসিক ৬ হাজার টাকায় মৌখিক চুক্তি হয়। লিখিত চুক্তি করতে চাইলে বলে, ঢাকা থেকে বড় স্যার আসবেন, তখন করা হবে। রবিবার সকাল থেকে অফিস বন্ধ, পরে শুনি টাকা নিয়ে পালিয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ঋণের নাম করে সঞ্চয়ের টাকা নিয়ে আইডিএফএন নামের ভুয়া এনজিও উধাও হয়েছে। ইতোমধ্যে ৪টি সমিতির সভাপতি থানায় অভিযোগ দায়ের করেছেন। এখন পর্যন্ত ৭৯ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
