কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান এবং লালমনিরহাটের আজকের পত্রিকা জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
কেজিইউজের যুগ্ম আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশ জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন,এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অতীতেও সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, হত্যা করা হয়েছে—কিন্তু সত্যকে দমিয়ে রাখা যায়নি। আমরা এসব মামলার ন্যায়বিচার চাই এবং নতুন করে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি।
আরেক যুগ্ম আহ্বায়ক ও ইনডিপেনডেন্ট প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন,সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা থামেনি। হামলা, মামলা দিয়ে ভয় দেখানো হচ্ছে। এই মামলা মিথ্যা ও ভিত্তিহীন। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
সমাপনী বক্তব্যে কেজিইউজের সদস্য সচিব, দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। বেশিরভাগই রাজনৈতিক দলের কর্মীরা করছে। এখনও ক্ষমতায় না গিয়েই সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ২৪-পরবর্তী বাংলাদেশে আমরা সাংবাদিক নির্যাতন চাই না—আমরা চাই সত্য প্রকাশের স্বাধীনতা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, স্টার নিউজের প্রতিনিধি জুবাইর ইসলাম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক কালবেলাচিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, দৈনিক ইনকিলাব চিলমারী প্রতিনিধি ফয়সাল হক, দৈনিক আমার সংবাদ রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কণ্ঠ রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
