ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামে যুব জামায়াতের এক নেতা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন বিল্লাল হোসেন। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করলে পরিবারের লোকজন তাকে হাতে-নাতে ধরে ফেলে। এ সময় পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে উত্তম-মধ্যম দেন। পরে তিনি পা ধরে ক্ষমা চান এবং ঘটনাটি গোপন করার চেষ্টা করা হয়। তবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়ে।
গ্রামের এক যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিল্লাল হোসেন অনেকদিন ধরেই ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। সেদিন রাতেও তাকে ঘরে প্রবেশ করতে দেখে আমরা ধরে ফেলি।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন দাবি করেন, তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, বিল্লাল হোসেন আমাদের ইউনিয়ন কমিটির সভাপতি। এ বিষয়ে এখনো আমি কিছু জানি না। তবে এমন ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
