খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় কেউ হতাহত হননি।
রূপসা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্বৃত্তরা বাবুর বাড়িতে ২টি ককটেল নিক্ষেপ করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় তারা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের সময় তিনি স্বপরিবারে বাড়িতেই ছিলেন।
স্থানীয়রা জানান, ৮টি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা প্রথমে বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে প্রায় ৫ জন যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। পরে এলাকাবাসী একত্রিত হলে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
