সিলেট আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মই হবে জাতির নেতৃত্বের যোগ্য উত্তরসূরি, কারণ আগামীর বাংলাদেশ হবে মেধা ও তারুণ্যের বাংলাদেশ।
তিনি আরও বলেন, সিলেট আইডিয়াল মাদরাসা ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইসলাম ও জাতির খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীরা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।
বুধবার সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট আইডিয়াল মাদরাসার আলিম ২০২৫-২৬ সেশনের ওরিয়েন্টেশন ও সবকদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলাইমান এবং সঞ্চালনা করেন ভাইস-প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ডে শিফট ইনচার্জ মো. ফারুক মিয়া, শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, দেওয়ান সাইদুজ্জামান কুরেশী ও মাসুম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
