জামালপুরে আওয়ামী লীগ নেতা জামাল পাশা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকেগ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার শীর্ষ পর্যায়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের" গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন,
গ্রেপ্তার হওয়া দুই নেতা দীর্ঘদিন পলাতক থেকে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে। বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদের উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়েছে।
তিনি জানান, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া, ছাত্রলীগ নেতা শাহেদ আলী গত ৩ আগস্ট রাতে নিজের চোখ বেঁধে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে ফেসবুক লাইভে ভিডিও প্রচার করেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বর্তমানে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
