ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF)-এর এক পার্শ্ব ইভেন্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জর্ডানের প্রিন্সেস বাসমা বিনত আলি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে তাঁরা টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা, যুব উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক ব্যবসা মডেল প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রিন্সেস বাসমা, যিনি জর্ডানের অন্যতম পরিবেশবাদী ও কৃষি উন্নয়ন কর্মী হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত, অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা মডেলকে উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন।
অধ্যাপক ইউনূস বলেন,
খাদ্য ও পরিবেশ–এই দুটি ক্ষেত্রেই আমাদের নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। লাভ নয়, মানবকল্যাণই হবে মূল লক্ষ্য।
বৈঠকে উভয় নেতা যৌথভাবে খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
ওয়ার্ল্ড ফুড ফোরামের চলমান অধিবেশনে অধ্যাপক ইউনূসের এই সাক্ষাৎকে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারের মানবিক ও উদ্ভাবনী উদ্যোগের ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
