ভাঙ্গায় সাপের কামড়ে শুভ দাস (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুভ দাস ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের বাসিন্দা মুদী ব্যবসায়ী জয়ন্ত দাসের ছেলে । জয়ন্ত দাসের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে শুভ ছোট সন্তান। শুভ দাস সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুভ দাস রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় আব্দুল্লাহবাদ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলো। এ সময় তাকে সাপে কামড় দেয় । পরে স্থানীয় লোকজন তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার দুপুরে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মাতুব্বর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
