খুলনায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া একই পরিবারের ৩ জন লবণচরা থানা এলাকায় এবং অপর জন সোনাডাঙ্গা থানায় এলাকার।
মহানগরীর লবণচরা থানার ৩১ নং ওয়ার্ডের দরবেশ গলিতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে নানী ও দুই নাতি-নাতনীকে। হত্যাকাণ্ডের শিকার হওয়া নানীর নাম মহিদুল বেগম ও দুই নাতি নাতনি মুস্তাকিন ও তৈইয়েবা।
রোববার দিনের কোন এক সময় তারা নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে এর হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
নিহত দুই শিশুর মা খুলনা জেলা প্রশাসক কার্যালয় ও বাবা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে চাকরি করেন।
এদিকে, মহানগরীর করিমনগরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিজ বাসার ভেতরে নিহত হয়েছে আলাউদ্দিন নামে এক যুবক। রবিবার পৌনে আটটার দিকে ৬ জন মোটরসাইকেলে এসে প্রথমে গুলি ও পরে ছুরি মেরে হত্যা করে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, গুলি ও ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হয় আলাউদ্দিন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, নিহত যুবক মাদক কারবারীর সাথে জড়িত ছিল। টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একদিনে চার খুনের ঘটনায় খুলনা থমথমে অবস্থা বিরাজ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
