চুয়াডাঙ্গা–১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় শ্রমিকদের সঙ্গে গণসংযোগ করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে তিনি ওসমানপুর, ভোদুয়া ও জামজামি এলাকার বিভিন্ন ইটভাটা পরিদর্শন করে শ্রমিকদের সমস্যাবলী শোনেন এবং তাদের সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তিনি বলেন, “দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা। কঠোর পরিশ্রম করে শহর–গ্রামের উন্নয়নের ভিত্তি তারা গড়ে দেন, কিন্তু দুঃখজনকভাবে তারা ন্যায্য পারিশ্রমিক পান না। তাদের অধিকার, নিরাপত্তা, চিকিৎসা ও কল্যাণ রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘদিন অবহেলিত রয়েছে।”
তিনি আরও বলেন, “শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে জামায়াতের অঙ্গীকার। ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের মাথা উঁচু করে বাঁচার অধিকার নিশ্চিত হবে। ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নে আমরা সর্বোচ্চ দায়িত্ব পালন করব।”
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, গাংনী–আসমানখালী সাংগঠনিক থানার কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া, জামজামি ইউনিয়ন আমীর ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
