আজ সোমবার বিকেলে জেলা শহরের রথখলা থেকে একটি প্রচারণা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । কেন্দ্র থেকে ঘোষিত কিশোরগঞ্জ ১ (সদর- হোসেনপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার , ফেস্টুন ও ধানের শীষসহ অংশ নেন।
অপরদিকে পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার চত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা–জিয়ার সৈনিক এক হও-এক হও, অবৈধ মনোনয়ন, মানিনা-মানবো নাসহ নানান স্লোগান দেন।
মশাল মিছিলের নেতৃত্ব দেন সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শরীফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল।
মিছিলকারীরা অভিযোগ করেন, বিএনপি ঘোষিত প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম ছিলেন স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আতাঁত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি। তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। অথচ ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহিত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। তার মনোনয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হয়েছে। এ অবস্থায় তারা অবিলম্বে মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার এবং নতুন করে যোগ্য প্রার্থী ঘোষণা করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।
এর আগে দুপুরে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবীতে মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি মাসুদ হিলালী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী। লিখিত বক্তব্যে তিনি দেশ ও দলসহ জনস্বার্থে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে শিক্ষিত, সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ্ কাউকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
