পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় হেডম্যান-কার্বারিসহ সব পক্ষকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি। বিশেষ করে সাজেকে সৃষ্ট সাম্প্রতিক সমস্যা সমাধানে সব মতভেদ ভুলে সবাইকে একাত্ম হওয়ার ওপর জোর দেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত জেলার হেডম্যান কার্বারিগণের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি এসব কথা বলেন।
আলোচনার শুরুতে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি আরো বলেন, “পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় ট্যুরিস্ট জোন। এখানে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে বা বন্ধ থাকলে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়ে। সাজেকে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার কারণে পুরো পাহাড়ি এলাকার পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি।” তিনি আরও জানান, সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা ও যোগাযোগের মাধ্যমে সাজেক সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদীয় আসনের সদস্য দীপেন দেওয়ান এমপি এবং জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এছাড়া জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার হেডম্যান ও কার্বারিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকার হেডম্যান ও কার্বারিরা পাহাড়ি অঞ্চলের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যটন খাতের সংকট নিরসনে তাঁদের নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
