রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের প্রবাসফেরত যুবক মাসুদ শেখের পাটখড়ির ব্যবসায় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের পাশে আশরাফুল ইসলাম মিয়ার জুটমিল প্রজেক্ট এলাকায় ব্যবসার জন্য রাখা পাটখড়িতে আগুন ধরিয়ে দিলে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের পাটখড়ি পুড়ে যায়।
প্রবাস থেকে ফিরে নিজস্ব পুঁজি এবং জমি বিক্রির অর্থ দিয়ে কয়েক কোটি টাকার পাটখড়ির ব্যবসা শুরু করেছিলেন মাসুদ। তিনি রাজবাড়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় ফ্যাক্টরি ও পানবরজে পাটখড়ি সরবরাহ করে আসছিলেন।
আগুন লাগার পর পাংশা ও কালুখালির দুটি ফায়ার সার্ভিস ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, মাসুদ একজন শান্ত-সাবলীল স্বভাবের মানুষ। কোন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। সারাদিন তিনি ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ শেখ বলেন, “মোট ৩২ হাজার পাটখড়ি ও ১৬ হাজার বাছাইকৃত পাটখড়ি পুড়ে গেছে। যার আনুমানিক ক্ষতি ৩০–৩৫ লাখ টাকা।”
এ ঘটনায় বৃহস্পতিবার তিনি পাংশা মডেল থানায় রকি নামের একজনকে প্রধান আসামি করে আরও ২–৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মূঈল হাসান বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
