ঠাকুরগাঁও পৌরশহরের শান্তিনগর এলাকায় ভাড়াবাসা থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
নিহত গৃহবধুর নাম স্বপ্না সাথী (২১)। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার শালটিয়াপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী লিওন পলাতক রয়েছেন। লিওন ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে স্বপ্না সাথীর সঙ্গে লিওনের বিয়ে হয়। বিয়ের পর তারা ঠাকুরগাঁও পৌরশহরের শান্তিনগর এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন। পরিবারটির দাবি, এটি ছিল তাদের নিজেদের পছন্দে করা বিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা মেয়ের মরদেহ দেখতে পান এবং স্বামীকে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দম্পতি দুই থেকে তিন মাস আগে শান্তিনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী এক নারী তাদের বাসায় গেলে ঘরের ছাদের সঙ্গে গৃহবধুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে এলাকাবাসী ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো এবং গৃহবধুর ওপর স্বামীর নির্যাতনের ঘটনাও ঘটত। এরই জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন,
“প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের ওপর স্বামীর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
