কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, তারেক রহমান ১৭ বছর প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন। আগামী ২৫ ডিসেম্বর আমাদের এই প্রিয় নেতা দেশে ফিরছেন—এতে আমরা অত্যন্ত আনন্দিত।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হাসপাতালে আহত উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, তারেক রহমান দেশে আসার দিন ঢাকা আর আগের ঢাকা থাকবে না। সেদিন জনস্রোতে রাজধানী অন্য এক রূপ নেবে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও জনগণ সেই বাধা অতিক্রম করবে। জনতার ঢেউ কোনো প্রতিবন্ধকতা মানবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করবে।
উল্লেখ্য, রোববার কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে আহত করে বলে অভিযোগ করা হয়।
এই ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
