ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইল-২ আসনে গণসংবর্ধনায় ঐক্যের বার্তা দিলেন বিএনপি প্রার্থী ড. ফরহাদ

রাজনীতি | মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল প্রতিনিধি

(৬ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:৪০ অপরাহ্ন

banglahour

নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার একাংশ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নড়াইল চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ড. ফরহাদকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু ও টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে ঢাকা থেকে নড়াইলের লোহাগড়ায় পৌঁছালে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন ড. ফরহাদ। পরে তিনি নড়াইল জেলা শহরে এসে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনায় অংশ নেন। সংবর্ধনা শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে যান তিনি।
ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে ড. ফরহাদ দলীয় ঐক্য অটুট রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন,
“আমি আপনাদেরই সন্তান। নড়াইলের মাটি ও মানুষের সঙ্গে থেকেই একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়ে তুলতে চাই। আমার রাজনীতি প্রতিহিংসার নয়, ঐক্যের। নির্বাচিত হলে আপনাদের কণ্ঠ সংসদে তুলে ধরব এবং নিয়মিত জবাবদিহি করব।”
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক দায়িত্ব পালনের ওপর আস্থা রেখে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯