চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য রুহুল আমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন,জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। চুয়াডাঙ্গার শিক্ষা, সড়ক ও সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে আগ্রহী। এমন একটি সমাজ গড়তে চাই যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না। আগামীতে নির্বাচিত হলে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান জেলা হলেও এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সার ও বীজ কৃষকরা সঠিকভাবে পায় না। আমরা নির্বাচিত হলে ডিলার প্রথার অবসান ঘটিয়ে কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো। কৃষকদের উৎপাদিত বীজ বিএডিসিতে কন্টাক্ট গ্রোয়ার্সে সরাসরি সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আলু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ক্রয়-বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী জোটগতভাবে অংশগ্রহণ করবে এবং চুয়াডাঙ্গার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌর আমীর হাসিবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারী মোস্তফা কামাল, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
