ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

“বেগম জিয়া নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার পথিকৃৎ” — তাহসিন শারমিন তামান্না

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪০ অপরাহ্ন

banglahour

স্বাধীন বাংলাদেশের প্রথম ও সফল নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপি ঘোষিত সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আজ যে শক্তিশালী নারী নেতৃত্ব দৃশ্যমান, তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য ও বিরল। তিনি শুধু প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন না—তিনি ছিলেন নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার পথিকৃৎ।”

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন নারীর অগ্রগতি ছাড়া একটি জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেই বিশ্বাস থেকেই তাঁর নেতৃত্বে নারী শিক্ষা বিস্তারে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়। মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় নারীদের এগিয়ে নিতে নীতিগত সহায়তা ছিল তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার।

তাহসিন শারমিন তামান্না আরও বলেন, “নারীর কর্মসংস্থান ও চাকরির ক্ষেত্রেও বেগম জিয়ার অবদান স্মরণযোগ্য। সরকারি ও বেসরকারি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তিনি ইতিবাচক নীতি গ্রহণ করেন, যা নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হয়েছে। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিংসহ বিভিন্ন পেশায় নারীদের অগ্রযাত্রার পেছনে তাঁর নীতিগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—বেগম খালেদা জিয়া নারীদের নেতৃত্বে বিশ্বাস করতেন। রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক পরিসর পর্যন্ত নারীদের নেতৃত্বে এগিয়ে আসার যে পরিবেশ তৈরি হয়েছে, তার সূচনালগ্নে ছিল তাঁর সাহসী অবস্থান। তিনি প্রমাণ করেছেন—নারী শুধু উন্নয়নের অংশীদার নয়, নারী উন্নয়নের নেতৃত্ব দিতেও সক্ষম।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আজ নারীরা শিক্ষা, চাকরি ও নেতৃত্বে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে—এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা ও সংগ্রামের ফল। নারীর ক্ষমতায়নে তাঁর এই ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” এ সময় তিনি প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন—
সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী, জেলা মহিলা দলের সহসভাপতি ফেরদৌসী ইকবাল ও আম্বিয়া বেগম, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক মিলি বেগম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুসলিমা আক্তার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, প্রচার সম্পাদক লিটা বেগম, ৩৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক জলি পুরকায়স্থসহ জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯