ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মানুষের স্বতঃস্ফূর্ত স্বাক্ষর প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন গণমানুষের আস্থার প্রতীক: তুহিন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৬ মাস আগে) ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:০৬ অপরাহ্ন

banglahour

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শোক বই খোলা হয়েছে। খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এই শোক বই রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশের অংশ হিসেবেই দলীয় কার্যালয়ের সামনে শোক বই খোলা হয়েছে। এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও সমবেদনা জানাতে পারবেন। তিনি আরও জানান, প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ দলীয় কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন—তিনি ছিলেন গণমানুষের আস্থার প্রতীক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) শোক বইয়ে স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোক বইয়ে স্বাক্ষরকালে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছেন। তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরদিন ৩১ ডিসেম্বর থেকে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে শোক বই খোলা হয়, যা এখনো নিয়মিতভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।
অপরদিকে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা নগরীর ঐতিহ্যবাহী টাউন মসজিদে কেন্দ্রীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্মরণে খুলনা মহানগরীর আওতাধীন ৫টি থানা ও ৩৪টি ওয়ার্ড ইউনিয়নের প্রতিটি মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মহানগরজুড়ে এই কর্মসূচির মাধ্যমে সাবেক এই রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এক যৌথ বিবৃতিতে জানান, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিস্মরণীয় নাম। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো আপস করেননি। এমন একজন নেত্রীর ইন্তেকালে জাতি এক গভীর শূন্যতার মুখে পড়েছে। নেতৃদ্বয় আরও বলেন, দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর দরবারে প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং তার পরিবার-পরিজন ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করা হবে। তারা এ কর্মসূচি সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মানুষকে দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান। এদিকে দোয়া মাহফিল ঘিরে নগরীর বিভিন্ন মসজিদে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে শুধু একটি দলীয় কর্মসূচি নয়, বরং একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি জাতির পক্ষ থেকে সম্মিলিত শ্রদ্ধা ও প্রার্থনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার স্মরণে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯