বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালকসহ অন্তত ২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা–ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার মোঃ সেলিম শেখ (৪৫)। তিনি খুলনা লবণচরা এলাকার মোহাম্মদ নগরের মোঃ আইয়ুব আলী শেখের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিএস ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মোঃ সেলিম শেখ নিহত হন।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজন নিহত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
