নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক বালুবাহী ট্রাক তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মেহেদী, চকলেটসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। এ সময় ট্রাকসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
