ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শ্রাবন্তী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান দুই আসামি ২৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার

অপরাধ | ডেস্ক রিপোর্ট

(৯ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন

banglahour

চট্টগ্রামে ১২ বছরের শিশু শ্রাবন্তী ঘোষকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই অভিযুক্তকে মাত্র ২৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিকটিম শ্রাবন্তী ঘোষ (১২) সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামের তপন ঘোষ ও রোজি ঘোষের মেয়ে। পরিবারসহ সে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় প্রদীপ লাল ঘোষের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। শ্রাবন্তীর বাবা-মা গার্মেন্টসকর্মী হওয়ায় বাবা সপ্তাহে একদিন বাসায় আসতেন এবং মা প্রতিদিন দুপুরে কর্মস্থলে গিয়ে রাত আনুমানিক ১টার দিকে বাসায় ফিরতেন। এ সময় ভিকটিম ও তার ছোট ভাই বাসায় একাই থাকত।

গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে শ্রাবন্তী তার দাদার বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে নিজ ভাড়াবাসায় চলে আসে। পরে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে তার দাদা ভাড়াবাসায় এসে দেখতে পান, শ্রাবন্তী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে। খবর পেয়ে ভিকটিমের মা ও স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শ্রাবন্তীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিকটিমের পরিবার অভিযোগ করে জানায়, শ্রাবন্তীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং অপরাধ গোপনের উদ্দেশ্যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তসহ ধর্ষণ পরীক্ষাও সম্পন্ন করা হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।

এ ঘটনায় ভিকটিমের মা রোজি ঘোষ বাদী হয়ে প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২৫) এর ৯(৩) ধারায় রুজু করা হয়। মামলা নম্বর-০৫, তারিখ-৮ জানুয়ারি ২০২৬।

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামিরা খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল লালখান বাজারের ভান্ডারী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্ত—
১) প্রদীপ লাল ঘোষ (৫২) এবং
২) অজয় সিংহ (২৫)
কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম