চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জামাল জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই ঘটনায় নাছির (৪০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং বশরত আলি মিস্ত্রির বাড়ির মৃত ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার কিছুক্ষণ আগে জামাল ও নাছির একটি মোটরসাইকেলে করে গহিরা–ফটিকছড়ি সড়ক ধরে শাহানগর দিঘীরপাড় এলাকায় পৌঁছান। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামাল মারা যান এবং নাছির গুরুতর আহত হন।
আহত নাছিরকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
