ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ন্যায়বিচারে গ্রহণযোগ্য জনপ্রতিনিধি জরুরি : জেলা প্রশাসক

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৪১ অপরাহ্ন

banglahour

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে ব্যক্তিত্ববান, সৎ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যক্তিদের মাধ্যমে বিচারকার্য পরিচালিত হলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখবে এবং অনেক বিরোধ মামলা পর্যন্ত গড়াবে না। তাই ন্যায়বিচার পাওয়ার স্বার্থে গ্রহণযোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের কোনো বিকল্প নেই।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গ্রাম আদালতের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত কার্যকরভাবে সক্রিয় করা গেলে আদালতে মামলার চাপ কমবে এবং ছোট ও সহজ মীমাংসাযোগ্য বিষয় নিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। এতে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের সাফল্য, কার্যক্রম ও সীমাবদ্ধতা গণমাধ্যমে তুলে ধরতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সময়োপযোগী কনটেন্ট তৈরি করে গ্রাম আদালতের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গ্রাম আদালতের ইতিবাচক দিকগুলো প্রচারিত হলে জনগণ এ সেবার প্রতি আরও আগ্রহী হবে। তিনি নৈতিকতা, দক্ষতা, সততা ও দৃঢ় মানসিকতার সমন্বয়ে গ্রাম আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা জনপ্রতিনিধিদের গ্রাম আদালত ও আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, স্থানীয় পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদার, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর প্রচারণা, জেলা প্রশাসনের তদারকি বৃদ্ধি এবং বিচারিক কার্যক্রমে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অন্তর্ভুক্তির প্রস্তাব দেন। একই সঙ্গে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রাম আদালতের আওতায় আনা এবং জনপ্রতিনিধির পাশাপাশি ইমাম ও সাংবাদিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিলেট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্না সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেশন অ্যানালিস্ট ড. শঙ্কর পল। গ্রাম আদালত আইন বিষয়ে উপস্থাপনা করেন লিগ্যাল অ্যানালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী। সভায় জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান, প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অ্যানালিস্ট সুমন ফ্রান্সিস গোমেজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯