ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত প্রার্থীকে নোটিশ

রাজনীতি | রিফাত রহমান | চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৫ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৫৯ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা, জীবননগর ও সদর উপজেলার একাংশ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এই নোটিশ প্রদান করেছে।

জীবননগর সিভিল জজ আদালতের বিচারক ও সংশ্লিষ্ট অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান নাসির হুসাইন গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ নোটিশ জারি করেন। নোটিশে রুহুল আমিনকে আগামী সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জামায়াতের একটি দলীয় কর্মশালায় বক্তব্য দেন রুহুল আমিন। ওই বক্তব্যকে উসকানিমূলক এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী উল্লেখ করে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর প্রধান নির্বাচনী এজেন্ট এম. এ. সবুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন।

ওই অভিযোগের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে রুহুল আমিনের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী রুহুল আমিন শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মুঠোফোনে বলেন, ১২ জানুয়ারির বক্তব্যে তিনি ভোট চুরি রোধের বিষয়ে কথা বলেছেন। তার দাবি, বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কাউকে ভয়ভীতি দেখানো বা সহিংসতায় উসকানি দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এবং এটি আচরণবিধি লঙ্ঘনের জন্য দেওয়া হয়নি বলে তিনি মনে করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯