ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণভোট নিয়ে প্রশ্ন তোলা শক্তিগুলো পলাতক—আদিলুর রহমান খান

রাজনীতি | সোহেল চৌধুরী | জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ২:৫৩ অপরাহ্ন

banglahour

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে—এমন অভিযোগ যারা তুলছেন তারা মূলত পলাতক শক্তি। জুলাই-আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে।

সোমবার কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। যারা তখন গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে দেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এর বাস্তবায়নেও সরকার একইভাবে ছাত্র-জনতাকে সম্পৃক্ত রেখে কাজ করবে।

উপদেষ্টা জানান, আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ তাদের সমর্থন জানাবে। এরপর স্থানীয় পর্যায় থেকে পছন্দের প্রার্থীরা নির্বাচিত হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, দেশের মানুষ অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান। তারা আগেও ইতিহাস রচনা করেছে। নির্বাচনি প্রচারণার আর মাত্র দুই দিন বাকি। এরপর সারাদেশ গণভোট, জুলাই সনদ, গণঅভ্যুত্থানের পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে এক কাতারে দাঁড়াবে।

ফ্যাসিবাদের পক্ষে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অন্যরাও পলাতক অবস্থায় রয়েছে। কিশোরগঞ্জসহ সারাদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, জুলাই যোদ্ধাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯