কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট বসানো হয়।
এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা কাপড়ের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে সংশ্লিষ্ট সিটে বসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দেয়। আটককৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ খোলা গ্রামের গুলজার রহমানের ছেলে চিশতি এবং একই জেলার সোনারগাঁও থানার মনর কান্দি গ্রামের বুলবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল।
সন্দেহের ভিত্তিতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
পরবর্তীতে রাত ১০টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
